খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার কৃতি সন্তান মোসলেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) পদমর্যাদার এই দক্ষ কর্মকর্তাকে সিআইডির শীর্ষ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘদিন ধরে সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখা মোসলেহ উদ্দিন আহমেদ এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, রামগড়ের এই কৃতি সন্তানের এমন উচ্চপদে পদায়ন খাগড়াছড়ি তথা পার্বত্য জনপদের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের অপরাধ তদন্ত কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হয়ে উঠবে।
নতুন এই দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
