ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই কয়েক কোটি টাকার মালামাল

নোয়াখালী সংবাদদাতা
মার্চ ২৫, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
Link Copied!

২৪ মার্চ দিবাগত গভীর রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বাজার ভূইয়ার হাটের দক্ষিণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের অন্তত ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) রাত আনুমানিক সময়,  ২টা ৩০ মিনিটে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের নৈশপ্রহরী ও স্থানীয়রা আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাত হওয়ায় এবং আগুনের তীব্রতা বেশি থাকায় তারা দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল মুদি দোকান, ফার্মেসি ও বীজ বিক্রয় কেন্দ্রসহ অন্যান্য। এতে তাদের পুঁজি ও স্বপ্ন সব পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

​সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।

​বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।