Noboshakti Logo
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত
আজকের সর্বশেষ সবখবর

​সীতাকুণ্ডে অসাধু সিন্ডিকেটের আস্তানায় অভিযান: ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
Link Copied!

সীতাকুণ্ডে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টায় লিপ্ত এক অসাধু সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক গেট সংলগ্ন একটি স্ক্র্যাপ জাহাজের তেলের ডিপোতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সহযোগিতা করেন।

​প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ডিপোতে তিনটি লরি ট্যাংকার ও অসংখ্য ড্রামে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 চট্টগ্রাম জেলা প্রশাসন সংবাদমাধ্যমকে  জানান, “গত ২৭ মার্চ থেকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলছে। সলিমপুরে আজকের অভিযানে ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার হয়েছে। যারা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করতে চায়, তারা ব্যবসায়ী নয়—তারা অপরাধী। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।”

​সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে কেউ যাতে তেলের বাজার অস্থির করতে না পারে, সেজন্য আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

​উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে প্রশাসন জানিয়েছে, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে পুরো জেলায় নজরদারি বাড়ানো হয়েছে।