কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাস স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুমার নামাজ চলাকালীন এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) জুমার নামাজের সময় এ চুরির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী এইচ.এম আলাউদ্দিন (Hm Alauddin) জানান, তিনি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার মোটরসাইকেলটি হারবাং বাস স্টেশন জামে মসজিদের প্রাঙ্গণে পার্ক করে মসজিদের ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষ করে বাইরে এসে দেখেন নির্ধারিত স্থানে তার মোটরসাইকেলটি আর নেই।
পরবর্তীতে হারবাং বাস স্টেশনে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটিকে অত্যন্ত স্বাভাবিকভাবে নিজের দাবি করে চালিয়ে নিয়ে যাচ্ছেন। সিসিটিভি ফুটেজে আরও দেখা গেছে, মোটরসাইকেলটি নিয়ে ওই ব্যক্তি চকরিয়ার দিকে দ্রুত স্থান ত্যাগ করেন।
এই ঘটনায় ভুক্তভোগী আলাউদ্দিন স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছেন। সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তিকে কেউ চিনতে পারলে বা মোটরসাইকেলটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে তাকে ভুক্তভোগীর 01876742491 এ নাম্বারে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় থানায় অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

