বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেন তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
ডা. জাহিদ বলেন, সময় বলে দেবে খালেদা জিয়া সেই সংকট কতটা কাটিয়ে উঠবেন। তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যরা সবাই উপস্থিত ছিলেন হাসপাতালে। তাঁর মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে যারা থাকেন, তারা পর্যবেক্ষণ করছেন।
এর আগে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। এদিকে, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।
অন্যদিকে, রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাত ১২টা ২০ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।
এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করছে বলে জানা গেছে। এই বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ব্রিফ করার কথা রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরে সেদিনই অসুস্থ মাকে দেখতে যান ছেলে তারেক রহমান। এরপর থেকে নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেয়া হয়।
