২০২৮ সালের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষায় একটি নতুন ও আধুনিক কারিকুলাম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একইসঙ্গে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অক্সফোর্ডএকিউএ লিডারশিপ সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলা ও ইংরেজি মাধ্যমসহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে অভিন্ন কারিকুলাম চালু করা হবে। এছাড়া বর্তমান যুগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান থাকা বাধ্যতামূলক এবং এ বিষয়ে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
শিক্ষায় বৈষম্য দূর করার ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, উন্নত বিশ্বের আধুনিক শিক্ষার মানের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের শিক্ষাব্যবস্থাকে সাজানো হচ্ছে। দেশের প্রাথমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নেও বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে তিনি সমাজের সব স্তর থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সেমিনারে শিক্ষা খাতের বিভিন্ন নীতিনির্ধারক, ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
