সরকারের অগ্রাধিকার কর্মসূচি ও ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের আওতায় চট্টগ্রামের ফটিকছড়িতে এক দিনে সাত হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার আয়োজনে বারৈয়ারহাট এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘এক দিনে ১ লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, একটি চারা রোপণ মানে শুধু একটি গাছ লাগানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ ও সবুজ পৃথিবীর ভিত্তি গড়ে তোলা। তবে বৃক্ষরোপণের সাফল্য নির্ভর করে চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের ওপর। তাই চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা, সেচ ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার দায়িত্বও নিতে হবে।
সম্মিলিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিচর্যার মাধ্যমে ফটিকছড়িকে সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব উল্লেখ করে ইউএনও বলেন, এক দিনের বৃক্ষরোপণ কর্মসূচিকে নিয়মিত পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে রূপ দিতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচির আওতায় ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের সাত হাজার চারা রোপণ করা হয়।তারই ধারাবাহিকতা হিসেবে বাগান বাজার ইউনিয়নে৫ শত রোপন করা হয় বলে জানান বাগান বাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলা উদ্দিন। গাছের চারা প্রদান করে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান।
