ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমীনের করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন।
আদালতে শুনানিতে সরোয়ার আলমগীরের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াত প্রার্থী নুরুল আমীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
-
মনোনয়ন বাতিল ও রিট: রিটার্নিং কর্মকর্তার কাছে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলেও ঋণখেলাপির অভিযোগে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। শুনানির পর গত ১৮ জানুয়ারি কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট করেন।
-
হাইকোর্টের প্রাথমিক আদেশ: গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেন।
-
আপিল বিভাগের আদেশ ও নির্বাচন: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রয়ারি আপিল বিভাগ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখলেও নির্দেশনা দেন যে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে এবং গেজেট প্রকাশ করা হবে না। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলেও আদালতের আদেশের কারণে ফলাফল আটকে থাকে।
-
রুল জারির নির্দেশ: এরপর গত ১৬ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩ ফেব্রুয়ারির আদেশ বহাল রাখার কথা জানান।
-
হাইকোর্টের চূড়ান্ত রায় ও বর্তমান পরিস্থিতি: গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। এতে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের ইসি সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয় এবং তার মনোনয়ন বৈধ বলে গণ্য হয়। রায়ের দিনই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
পরবর্তীতে হাইকোর্টের এই রায় ও কার্যকারিতা স্থগিত চেয়ে এবং তাঁকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রাখতে আপিল বিভাগে আবেদন করেন জামায়াত প্রার্থী নুরুল আমীন। সেই আবেদনের ওপর শুনানি শেষে আজ আপিল বিভাগ আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করলেন।
