১১ দলীয় ঐক্যের দাবিগুলো মেনে নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়া হবে এবং দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ কর্মসূচির প্রাক্কালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত লং মার্চ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাবির রূপ পরিবর্তন ও এক দফার হুঁশিয়ারি
সরকার ও সংশ্লিষ্টদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “দফা মনে রাখবেন, এটা নয় দফাও হইতে পারে, আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হবে। এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে।”
চট্টগ্রামের লং মার্চের পর মাথা গরম না করার আহ্বান
চট্টগ্রামের লং মার্চের সফলতার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, “আল্লাহর মেহেরবানীতে চট্টগ্রামের লং মার্চ সফল হয়েছে। এতে অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরং জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।”
অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন। যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি—কোনো চক্রান্তেই কোনো কাজ হবে না।”
