রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ছড়ার পানিতে ডুবে জোসনা চাকমা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জোসনা চাকমা উপজেলার রূপকারী ইউনিয়নের গোলাছড়ি গ্রামের বাসিন্দা দীপেন ত্রিপুরার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জোসনা বাড়ির পাশের একটি ছড়ার পানির স্রোতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। পানিতে অনেকক্ষণ ডুবে থাকায় পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা। অবুঝ শিশুটির এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো গোলাছড়ি গ্রাম ও রূপকারী ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, এই মর্মান্তিক মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
