শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদার মহাশয়ের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন- দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্তের বিনিময়েও ধরে রাখা হবে।
তথ্যমন্ত্রী বলেন, আমরা একটি নতুন স্বপ্ন নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করছি। সরকার গঠনের আগেই জাতিকে জানিয়েছি, সরকারে এলে কী করব। আমাদের ঘোষিত ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হচ্ছে—দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্তের বিনিময়েও ধরে রাখা।
জহির উদ্দিন স্বপন বলেন, যারা সমাজে একটি বিশেষ ধর্মকে জোর করে প্রতিষ্ঠা করতে চায় এবং বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানকে মেনে নিতে পারে না, তারা সমাজবিরোধী, মানবতাবিরোধী এবং সভ্যতার বিরুদ্ধে অবস্থান নেয়।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জোর করে রাষ্ট্র, রাজনীতি ও সমাজে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা দেখা গেছে। এমন প্রবণতা মানুষ, সমাজ ও রাজনীতিকে বিভক্ত করে। আর সেই বিভক্তির সুযোগে অপশক্তি তাদের অপচিন্তা বাস্তবায়নের সুযোগ পায়।
মন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা যদি সব মানুষকে সৃষ্টি করে থাকেন এবং তাকে পাওয়ার বিভিন্ন পথ থেকে থাকে, তাহলে আমাদের দায়িত্ব হলো সব বৈচিত্র্যকে সম্মান জানিয়ে একসঙ্গে বসবাস করা।
