Noboshakti Logo
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ই-পেপার
  6. ইসলাম ও জীবন
  7. একদিন প্রতিদিন
  8. কোভিড-১৯
  9. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  10. খেলা
  11. চাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ডাক্তার আছেন
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহর নাম আল-লাতিফ: অর্থ ও মর্ম

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
Link Copied!

আল-লাতিফ অর্থ অতি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, অতি কোমল ও অনুগ্রহশীল। মহান আল্লাহ তাঁর বান্দাদের এমনভাবে কল্যাণ পৌঁছে দেন, যা তারা অনেক সময় বুঝতেও পারে না। তিনি তাঁর রহমত ও সূক্ষ্ম কৌশলে তাদের থেকে ক্ষতি ও বিপদ দূরে রাখেন। পৃথিবী ও আকাশের কোনো কিছুই তাঁর জ্ঞানের বাইরে নয়। আল্লাহ তাআলা বলেন, ‘যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ।’ (সুরা আল-মুলক, আয়াত : ১৪)

তিনি আরো বলেন, ‘নিশ্চয়ই আমার রব যা চান, তার সূক্ষ্ম ব্যবস্থা করেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’ (সুরা ইউসুফ, আয়াত : ১০০)

আল-লাতিফ নামের দুটি মহান অর্থ
১. সূক্ষ্ম বিষয় ও গোপন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান : আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। তিনি প্রকাশ্য ও গোপন সবকিছু জানেন। মানুষের অন্তরের কথা, গোপন চিন্তা, এমনকি এমন বিষয়ও তিনি জানেন যা মানুষের দৃষ্টির আড়ালে।

২. বান্দাদের প্রতি কোমলতা ও অনুগ্রহ : আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু ও কোমল। তিনি এমনভাবে তাদের জন্য কল্যাণের ব্যবস্থা করেন, যা তারা নিজেরাও অনেক সময় বুঝতে পারে না। তিনি উপকারের উপায় সৃষ্টি করেন এবং অদৃশ্য উপায়ে বিপদ ও অকল্যাণ দূর করেন। আল্লাহ বলেন, আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি কোমল; তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। (সুরা আশ-শূরা, আয়াত : ১৯)

ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, আল-লাতিফ হলেন এমন সত্তা, যাঁর জ্ঞান গোপন ও অন্তর্নিহিত বিষয় পর্যন্ত পৌঁছে যায় এবং যাঁর অনুগ্রহ ও ইহসান বান্দাদের কাছে সূক্ষ্মভাবে পৌঁছে যায়।

আল-লাতিফ নামের ওপর ঈমানের প্রভাব
১. আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি : বান্দা যখন উপলব্ধি করে যে আল্লাহ অত্যন্ত কোমলতার সঙ্গে তার বিষয়গুলো পরিচালনা করছেন এবং এমন জায়গা থেকে তার জন্য কল্যাণ নিয়ে আসছেন, যা সে কল্পনাও করেন্তিতখন তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি কোমল; তিনি যাকে ইচ্ছা রিযিক দান করেন। (সুরা আশ-শূরা, আয়াত : ১৯)

২. আল্লাহ সম্পর্কে উত্তম ধারণা রাখা : মুমিনরা বিশ্বাস করে, আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পেছনে হিকমত ও কল্যাণ আছে, যদিও সব সময় সে সেই হিকমত বুঝতে পারে না। কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই আমার রব যা চান, তার সূক্ষ্ম ব্যবস্থা করেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’ (সুরা ইউসুফ, আয়াত : ১০০)
কখনো কোনো ঘটনা আমাদের কাছে কষ্টকর মনে হতে পারে; কিন্তু পরে দেখা যায়, সেটির মধ্যেই আল্লাহর অদৃশ্য অনুগ্রহ লুকিয়ে ছিল।

৩. বিপদের সময় অন্তরে প্রশান্তি : যখন কোনো বিপদ আসে, পরিস্থিতি কঠিন হয়ে যায় কিংবা সামনে কোনো পথ দেখা যায় না, তখন মুমিন মনে রাখে, আল-লাতিফ আল্লাহ তাঁর বান্দার ব্যাপারে অবগত এবং তাঁর জন্য এমন পথ খুলে দিতে পারেন, যা বান্দা এখনো দেখতে পাচ্ছে না। আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করে না।’ (সুরা আত-তালাক, আয়াত : ২-৩)

৪. আল্লাহর শুকরিয়া আদায় করা : অনেক নিয়ামত আমরা দেখতে পাই, আবার অনেক নিয়ামত আমাদের অজান্তেই আল্লাহ আমাদের দিয়েছেন। তাঁর সূক্ষ্ম পরিকল্পনা ও অনুগ্রহের কথা মনে করলে বান্দার অন্তরে কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের ওপর তাঁর প্রকাশ্য ও গোপন নিয়ামত পূর্ণ করে দিয়েছেন।’ (সুরা লুকমান, আয়াত : ২০)

৫. মানুষের সঙ্গে কোমল ও সদয় আচরণ করা : আল্লাহর আল-লাতিফ নামের শিক্ষা হলো, আমরাও যেন মানুষের সঙ্গে কোমলতা, নম্রতা ও সদয় আচরণ করি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোমল; তিনি সকল বিষয়ে কোমলতা পছন্দ করেন।’ (বুখারি ও মুসলিম)

আল-লাতিফ নামটি আমাদের মনে করিয়ে দেয়—সব কল্যাণ আমাদের চোখে দৃশ্যমান হয় না। কখনো একটি দরজা বন্ধ হওয়াও আল্লাহর লত্ফ (সূক্ষ্ম অনুগ্রহ) হতে পারে, আবার কখনো এমন একটি ছোট সুযোগের মধ্যেও বড় কল্যাণ লুকিয়ে থাকতে পারে, যা আমরা প্রথমে বুঝতে পারি না।