বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ। গত ১৪ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি বারডেম জেনারেল হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক নোটিসে ডা. নাসির উদ্দীন আহমেদের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি জানানো হয়।
দীর্ঘ কর্মজীবনে চিকিৎসাসেবা ও হাসপাতাল ব্যবস্থাপনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ। বারডেম জেনারেল হাসপাতালের পাশাপাশি তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
হাসপাতাল পরিচালনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। বারডেমে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বারডেম জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
