কখনো বাতাসে, বৃষ্টির গন্ধে,
ফিরে তাকানো চোখে,
রাতের গভীরে,
নিভে থাকা প্রদীপে একটা মানুষ খুঁজি।
তারপর মনে পড়ে-
তার জীবনে আমি ছিলাম একটা ঋতুর মতো।
এখন সে আর আমার নয়।
এখন আমরা কেউ কারো নই।
এই একটা সত্য:
কতোবার যে আমাকে ভেঙে দেয়
তার কোনো হিসেব নেই।
বাহিরে ঝড় ওঠে
আকাশে মেঘের ভার বাড়ে।
জানালার কাঁচ ঝাপসা হয়।
কিছু স্বপ্নের মতো নিভে যায়-
লাল, নীল, হলুদ নিয়ন আলো।
ভিজে যাওয়া রাস্তায় কাঁপতে থাকে
বেনামী ছায়া।
পর্দা সরিয়ে দাঁড়িয়ে থাকি।
অসংখ্য নিদ্রাহীন রাত চোখের নিচে জমে আছে।
বুকের ভেতর একটা মৃত শহর,
অলিগলি, রাস্তা, মোড়
তার কাছে গিয়ে থেমেছে।
থেমে গিয়ে জেনেছে-
কাউকে ভীষণ ভালোবেসেও
কতটা একা হয়ে থাকা যায়।
আজও বাহিরে মেঘ,
আজও বাতাস উন্মাদ।
আজও আমার শহরটায়
নিয়ন আলো জ্বলছে।
আজও এই আলো-আঁধারি শহরজুড়ে
চলছে নানা আয়োজন।
শুধু তুমি যোজন যোজন দূরে !

০১/১০/২০২৬: মিসেসাগা।
