দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরলেন গুণী নির্মাতা রেদওয়ান রনি। আর ফিরেই বাজিমাত! আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত ‘দম’ সিনেমাটি এবারের ঈদুল ফিতরের সবচেয়ে বড় ব্লকব্লাস্টার হিটের তকমা পেয়েছে।
মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে দেশের সর্বাধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে বইছে ‘দম’ হাওয়া। দর্শকদের আকাশচুম্বী চাহিদার কারণে কর্তৃপক্ষ শো সংখ্যা বাড়িয়ে ৩২টি করতে বাধ্য হয়েছে, যা সাম্প্রতিক সময়ে যেকোনো বাংলা সিনেমার জন্য একটি বড় রেকর্ড।
সাধারণ দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘দম’ সিনেমাটি বাংলাদেশের সিনেমাটোগ্রাফিতে এক নতুন স্ট্যান্ডার্ড বা মানদণ্ড তৈরি করেছে। নিশোর অনবদ্য অভিনয় আর চঞ্চল চৌধুরীর শক্তিশালী উপস্থিতি দর্শকদের হলমুখী করেছে। সাথে পূজা চেরির গ্ল্যামার ও সাবলীল অভিনয় যোগ করেছে ভিন্ন মাত্রা।
এই সিনেমার অন্যতম বড় চমক হলো গান। ৪৪ বছর পর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন আঙ্গিকে ব্যবহার করা হয়েছে ‘দম’-এ। গানটি নতুন প্রজন্মের শ্রোতাদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।
